মোমেন খান, নিজস্ব প্রতিবেদক : নরসিংদীর শিবপুরে বিসিক শিল্পনগরীর চৌধুরী নিটওয়্যার লিমিটেডে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ৫৩ শ্রমিকের আত্মার মাগফিরাত কামনায় আলোচনা সভা, দোয়া ও গণভোজ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৫ নভেম্বর) বিকেলে আবদুল মান্নান ভূঁইয়া পরিষদ বিসিক শিল্পনগরী শাখার উদ্যোগে বিসিক শিল্পনগরী জামে মসজিদ প্রাঙ্গণে এ দোয়া ও গণভোজের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিবপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও আবদুল মান্নান ভূঁইয়া পরিষদের সদস্য সচিব আলহাজ্ব আরিফ উল ইসলাম মৃধা।
আবদুল মান্নান ভূঁইয়া পরিষদ বিসিক শিল্পনগরী শাখার সভাপতি মাসুদ ভূঁইয়ার সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো. মনির হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন পরিষদের উপদেষ্টা ভিপি গোলাম রাব্বানী, শিবপুর উপজেলা যুবদলের সাবেক সদস্য সচিব রফিকুল ইসলাম মৃধা, পুটিয়া ইউনিয়ন পরিষদের সদস্য মো. রতন মিয়া, ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি কামাল মিয়া এবং মান্নান ভূঁইয়া পরিষদের প্রচার সম্পাদক খোরশেদ আলম মিয়াজী।
প্রধান অতিথির বক্তব্যে আরিফ উল ইসলাম মৃধা বলেন, ২০০০ সালের ২৫ নভেম্বর চৌধুরী নিটওয়্যার লিমিটেডে সংঘটিত ভয়াবহ অগ্নিকাণ্ডে ৫৩ জন শ্রমিকের মর্মান্তিক মৃত্যু ছিল এক অপূরণীয় ক্ষতি। দীর্ঘ সময় পেরিয়ে গেলেও সেই হৃদয়বিদারক ঘটনা আজও আমাদের মনে গভীর শোকের সৃষ্টি করে। তাঁদের আত্মার মাগফিরাত কামনায় প্রতিবছর এ ধরনের আয়োজন অব্যাহত রাখা প্রয়োজন। তিনি নিহত শ্রমিকদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান এবং তাঁদের জন্য সবার কাছে দোয়া কামনা করেন। এ সময় স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, সামাজিক ব্যক্তিবর্গ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ২০০০ সালের ২৫ নভেম্বর শিবপুরের বিসিক শিল্পনগরীতে অবস্থিত চৌধুরী নিটওয়্যার লিমিটেডে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৫৩ জন শ্রমিক নিহত হন। সেই মর্মান্তিক ঘটনায় নিহত শ্রমিকদের স্মরণে প্রতিবছর আবদুল মান্নান ভূঁইয়া পরিষদের উদ্যোগে আলোচনা সভা, দোয়া ও গণভোজের আয়োজন করা হয়ে থাকে
মোমেন খান | নিজস্ব প্রতিবেদক 



















