নিজস্ব প্রতিবেদক: সারাদেশে ভাঙচুর, সন্ত্রাসী হামলা ও নৈরাজ্যের প্রতিবাদে নরসিংদীর পলাশে বিক্ষোভ মিছিল ও সংক্ষিপ্ত প্রতিবাদ সভা করেছে স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা। রবিবার ২২ নভেম্বর বিকেলে পলাশ থানা স্বেচ্ছাসেবক দলের সভাপতি পদপ্রত্যাশী ও সাবেক পলাশ থানা ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি আমিনুল ইসলাম ভূঁইয়ার নেতৃত্বে এ মিছিলটি অনুষ্ঠিত হয়।
মিছিলটি ঘোড়াশাল পলাশ ফার্টিলাইজার পিএলসি গেটের সামনে থেকে শুরু হয়ে ঘোড়াশাল পৌরসভা ও পলাশ উপজেলার গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। পরে সেখানে একটি সংক্ষিপ্ত প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
এ সময় বক্তব্য দেন ঘোড়াশাল পৌরসভা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া এবং সাবেক ঘোড়াশাল পৌরসভা ছাত্রদলের দপ্তর সম্পাদক ও সাধারণ সম্পাদক পদ প্রত্যাশী নাজমুল ইসলাম জুয়েল।
এ ছাড়া উপস্থিত ছিলেন পলাশ থানা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম সম্পাদক ইমান হোসেন, স্বেচ্ছাসেবক দল নেতা রাজন রহমান, রুহুল আমিন,নূর মোহাম্মদ বাবু সহ সংগঠনের শতাধিক নেতাকর্মী।
প্রতিবাদ সভায় বক্তারা বলেন, দেশের বিভিন্ন স্থানে ভাঙচুর, অগ্নিসংযোগ, সন্ত্রাসী কর্মকাণ্ড ও নৈরাজ্য সৃষ্টির অপচেষ্টা প্রতিহত করতে পলাশ উপজেলা স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা রাজপথে সক্রিয় থাকবেন। আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্য প্রতিরোধে যেকোনো পরিস্থিতিতে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন তাঁরা।
নিজস্ব প্রতিবেদক | নরসিংদীর কন্ঠস্বর 














