সাব্বির হোসেন, নিজস্ব প্রতিবেদক : শিক্ষার প্রসার, পারস্পরিক সৌহার্দ্য, সম্প্রীতি ও ভালোবাসার বন্ধন সুদৃঢ় করতে নরসিংদীর পলাশে অনুষ্ঠিত হয়েছে ব্যতিক্রমী মিলনমেলা ‘সম্প্রীতির বন্ধন ২০২৬’। শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক এবং বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখা গুণীজনদের অংশগ্রহণে আনন্দঘন পরিবেশে দিনব্যাপী এ আয়োজন করে পলাশ রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজ।
শনিবার (২১ নভেম্বর) নরসিংদীর পাঁচদোনায় অবস্থিত ড্রিম হলিডে পার্কে এ মিলনমেলা অনুষ্ঠিত হয়। এতে প্লে থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত শিক্ষার্থী ও তাদের অভিভাবকরা অংশগ্রহণ করেন।
দিনব্যাপী বর্ণাঢ্য আয়োজনে ছিল শিক্ষার্থীদের ক্লাস পার্টি, আনন্দ-উৎসব, সংগীত, বিনোদন, পারস্পরিক সৌহার্দ্য বিনিময় এবং অভিভাবক সমাবেশ। শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো আয়োজন পরিণত হয় এক আনন্দমুখর মিলনমেলায়।
অনুষ্ঠানে নতুন প্রজন্মকে বিশ্ব প্রতিযোগিতায় এগিয়ে নেওয়া, সৃজনশীল কর্মকাণ্ডে উৎসাহিত করা এবং আধুনিক প্রযুক্তিনির্ভর শিক্ষার মাধ্যমে বিশ্বদরবারে নিজেদের শক্ত অবস্থান তৈরি করার বিষয়ে আলোচনা করা হয়। পাশাপাশি শিক্ষার মানোন্নয়ন ও শিক্ষার্থী-অভিভাবকদের মধ্যে সুসম্পর্ক গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন বক্তারা।
পলাশ রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজের প্রতিষ্ঠাতা ও অধ্যক্ষ মো. আরিফ পাঠানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পলাশ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইশতিয়াক আহমেদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন অতিরিক্ত নরসিংদীর পুলিশ সুপার (সদর সার্কেল) সজিব শাহরিয়ার।
এসময় আরও উপস্থিত থেকে বক্তব্য রাখেন পলাশ উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান ও ঘোড়াশাল পৌর বিএনপির সভাপতি মো. আলম মোল্লা এবং সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন, পলাশ উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার খোরশেদ আলম ও বাংলাদেশ সরকারী প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির পলাশ উপজেলার সভাপতি সুলতান উদ্দিন প্রমুখ।
বক্তারা বলেন, শিক্ষার্থীদের শুধু পাঠ্যবইয়ের মধ্যে সীমাবদ্ধ না রেখে নৈতিকতা, মানবিক মূল্যবোধ, সৃজনশীলতা ও প্রযুক্তিগত জ্ঞানে সমৃদ্ধ করে গড়ে তুলতে হবে। এ ধরনের আয়োজন শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের মধ্যে পারস্পরিক সম্পর্ক আরও সুদৃঢ় করার পাশাপাশি শিক্ষার পরিবেশ উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখবে। আনন্দ, ভালোবাসা ও সম্প্রীতির আবহে আয়োজিত এ মিলনমেলা অংশগ্রহণকারীদের মাঝে এক নতুন বন্ধনের স্মৃতি তৈরি করে।
শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে পলাশ রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক শিক্ষার্থীদের মিলনমেলা ‘সম্প্রীতির বন্ধন ২০২৬’ এর সমাপ্তি হয়।
সাব্বির হোসেন, নিজস্ব প্রতিবেদক 














