নরসিংদী প্রতিনিধি: একটি জেলার উন্নয়ন কেবল রাস্তাঘাট, সেতু কিংবা বড় বড় অবকাঠামো নির্মাণের মধ্যে সীমাবদ্ধ নয়। প্রকৃত উন্নয়ন তখনই অর্থবহ হয়ে ওঠে, যখন অসহায় মানুষের মুখে হাসি ফোটে, বিপদে মানুষ প্রশাসনকে পাশে পায়, দরিদ্র পরিবারের সন্তান শিক্ষার সুযোগ পায়, অসুস্থ মানুষ চিকিৎসার সহযোগিতা পায় এবং সাধারণ মানুষ সরকারি সেবা গ্রহণে হয়রানিমুক্ত পরিবেশ খুঁজে পায়। একজন দায়িত্বশীল প্রশাসকের মানবিকতা, আন্তরিকতা ও কর্মতৎপরতাই পারে একটি জেলার মানুষের মধ্যে নতুন আশার সঞ্চার করতে।
নরসিংদীতে সেই নতুন প্রত্যাশার নাম জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ইসরাত জাহান কেয়া। দায়িত্ব গ্রহণের কয়েক মাসের মধ্যেই তাঁর বিভিন্ন মানবিক, প্রশাসনিক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ড সাধারণ মানুষের দৃষ্টি আকর্ষণ করেছে। অসহায় মানুষের পাশে দাঁড়ানো থেকে শুরু করে প্রশাসনিক কার্যক্রমে সক্রিয়তা, নাগরিক সমস্যা সমাধানের উদ্যোগ এবং জেলার উন্নয়নমূলক কর্মকাণ্ডে সমন্বয়—বিভিন্ন ক্ষেত্রেই তাঁর সম্পৃক্ততা নিয়ে আলোচনা হচ্ছে।
একজন প্রশাসকের প্রকৃত পরিচয় তাঁর পদবি কিংবা ক্ষমতায় নয়; বরং সাধারণ মানুষের প্রয়োজনে তাঁর ভূমিকা, দায়িত্ববোধ ও কাজের মধ্য দিয়ে। সেই জায়গা থেকেই ইসরাত জাহান কেয়ার মানবিক উদ্যোগগুলো নরসিংদীর মানুষের মধ্যে ইতিবাচক প্রত্যাশা তৈরি করেছে।
অসুস্থ ও রোগাক্রান্ত মানুষের চিকিৎসার জন্য সহযোগিতা, বিধবা ও স্বামীহারা নারীদের পাশে দাঁড়ানো, অসচ্ছল পরিবারের আর্থিক সংকট মোকাবিলায় সহায়তা এবং দরিদ্র পরিবারের সন্তানদের শিক্ষার সুযোগ তৈরিতে উদ্যোগ নিচ্ছে জেলা প্রশাসন। কোথাও চিকিৎসার জন্য আর্থিক সহযোগিতা, কোথাও শিক্ষা উপকরণ, আবার কোথাও শিশুদের বিদ্যালয়ে ভর্তি ও পড়াশোনা চালিয়ে যাওয়ার ব্যবস্থা করতে সহায়তা দেওয়া হচ্ছে।
নরসিংদীর আলোচিত অদম্য শিক্ষক আলতাফ হোসেন দুখু মিয়া, যিনি সবার কাছে পরিচিত দুখু মিয়া নামে, তাঁর পাশে দাঁড়ানোর ঘটনাটিও জেলা প্রশাসকের মানবিক উদ্যোগের অন্যতম আলোচিত দৃষ্টান্ত।
জন্ম থেকেই দুই হাত না থাকলেও অদম্য ইচ্ছাশক্তি ও মনোবল নিয়ে পা দিয়ে লিখে শিক্ষাজীবন শেষ করেছেন দুখু মিয়া। নিজের উদ্যোগে প্রতিষ্ঠা করেছেন ‘প্রতিভা দুখু মিয়া কিন্ডারগার্টেন’। সেখানে শিশুদের শিক্ষার আলো ছড়িয়ে যাচ্ছেন তিনি। তাঁর জীবনসংগ্রামের গল্প দেশের বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হওয়ার পর বিষয়টি প্রধানমন্ত্রীর নজরে আসে।
প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনার পর নরসিংদী জেলা প্রশাসন দুখু মিয়ার পাশে দাঁড়ায়। ১২ অক্টোবর জেলা প্রশাসক ইসরাত জাহান কেয়া সদর উপজেলার পাঁচদোনা এলাকার তাঁর প্রতিষ্ঠিত বিদ্যালয় পরিদর্শন করেন। এ সময় তিনি দুখু মিয়ার জীবনসংগ্রাম, শিক্ষাপ্রতিষ্ঠানের কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে খোঁজখবর নেন। বিদ্যালয়টির নিবন্ধন, অবকাঠামোগত উন্নয়ন এবং ভবিষ্যতে পূর্ণাঙ্গ উচ্চবিদ্যালয়ে রূপান্তরের বিষয়ে সরকারি সহযোগিতার আশ্বাস দেওয়া হয়। পাশাপাশি শিক্ষার্থীদের মধ্যেও স্কুলব্যাগ ও গাছের চারা বিতরণ করা হয়।
জেলা প্রশাসনের এই মানবিক সহায়তায় আবেগপ্লুত হয়ে শিক্ষক দুখু মিয়া বলেন, “দুটি হাত না থাকলেও কখনো দমে যাইনি, শিশুদের শিক্ষা দিতে নিজের জীবন বাজি রেখেছি। কিন্তু কখনো ভাবিনি প্রশাসনের শীর্ষ কর্মকর্তা নিজে এসে আমার স্কুলে দাঁড়িয়ে সহায়তার হাত বাড়াবেন। ডিসি স্যার আমার স্কুলের নিবন্ধন ও অবকাঠামো উন্নয়নের যে আশ্বাস দিয়েছেন, তাতে নরসিংদীর পিছিয়ে পড়া শিশুদের শিক্ষার আলো ছড়ানোর কাজ অনেক সহজ হয়ে যাবে।”
দুখু মিয়ার মতো একজন অদম্য মানুষ ও তাঁর প্রতিষ্ঠিত শিক্ষাপ্রতিষ্ঠানের পাশে দাঁড়ানো শুধু একজন ব্যক্তিকে সহযোগিতা করা নয়, বরং শিক্ষার আলো ছড়িয়ে দেওয়ার একটি উদ্যোগ। এ ঘটনায় জেলা প্রশাসনের সক্রিয় ভূমিকা নরসিংদীর মানুষের মধ্যে প্রশংসা ও প্রত্যাশা আরও বাড়িয়েছে।
গত ২৩ আগস্ট জেলার ১২০ জন অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের মধ্যে বিভিন্ন ধরনের আর্থিক সহায়তার চেক বিতরণের খবরও প্রকাশিত হয়েছে। তাঁদের মধ্যে অসহায়, প্রতিবন্ধী, রোগাক্রান্ত ও দরিদ্র মানুষ ছিলেন। এ ধরনের উদ্যোগ প্রমাণ করে, সরকারি দায়িত্ব পালনের পাশাপাশি সামাজিক নিরাপত্তা ও মানবিক সহায়তার ক্ষেত্রেও জেলা প্রশাসনের ভূমিকা গুরুত্বপূর্ণ।
রায়পুরা উপজেলার মির্জাপুর ইউনিয়নের পূর্বেরচর গ্রামের স্বামী পরিত্যক্তা দৃষ্টিপ্রতিবন্ধী বৃদ্ধা হারেছা বেগমের পরিবারের দুরবস্থার বিষয়টি নজরে এলে তাঁদের পাশে দাঁড়ান জেলা প্রশাসক। পরিবারটির ছয় সদস্যই প্রতিবন্ধিতার সঙ্গে জীবনযাপন করছেন। তাঁদের জন্য সরকারি প্রতিবন্ধী ভাতার ব্যবস্থা, প্রতিবন্ধী শিশুদের পড়াশোনার উপকরণ ও আসবাবপত্র এবং একটি গাভী প্রদানের উদ্যোগ নেওয়া হয়। পাশাপাশি উন্নত চিকিৎসার জন্য তাঁদের জাতীয় চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউটে পাঠানো হয়। ইতোমধ্যে পরিবারের তিন সদস্যের চোখের চিকিৎসাও সম্পন্ন হয়েছে।
উপকারভোগী বৃদ্ধা হারেছা বেগম তাঁর প্রতিক্রিয়া জানাতে গিয়ে চোখে পানি নিয়ে বলেন, “আমাদের পুরো পরিবারটা অন্ধ ও প্রতিবন্ধী হয়ে মানবেতর জীবন কাটাচ্ছিল। দিন এনে দিন খাওয়ার মতো অবস্থা ছিল না। ডিসি ম্যাডাম খবর পেয়ে আমাদের ঘরে গাভী পাঠিয়েছেন, থাকার জন্য সুন্দর টিনের ঘর বানিয়ে দিয়েছেন এবং আমার সন্তানদের চোখের চিকিৎসার ব্যবস্থা করেছেন। তিনি না থাকলে আমরা হয়তো না খেয়ে কিংবা বিনা চিকিৎসায় মারা যেতাম।”
শুধু চিকিৎসা কিংবা আর্থিক সহযোগিতায় সীমাবদ্ধ থাকেননি তিনি। পরিবারটির বসবাসের পরিবেশ উন্নত করতেও উদ্যোগ নেওয়া হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাসুদ রানার মাধ্যমে উপজেলা প্রশাসন ও স্বেচ্ছাসেবী ফোরামের সহযোগিতার মাধ্যমে নির্মাণ করে দেওয়া হয় একটি টিনের ঘর। পরবর্তী সময়ে স্থানীয় সংসদ সদস্য ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুলও পরিবারটির জন্য আর্থিক সহায়তার ব্যবস্থা করেন।
এ ছাড়া দৃষ্টিপ্রতিবন্ধী মেধাবী শিক্ষার্থী ইমরানকে জেলা প্রশাসনের পক্ষ থেকে দেওয়া হয় একটি ল্যাপটপ। নরসিংদী রেলওয়ে স্টেশনে ট্রেন দুর্ঘটনায় নিহত মো. সুজন মিয়ার পরিবারের প্রতিও সহযোগিতার হাত বাড়িয়ে দেন জেলা প্রশাসক এবং তাঁদের পাশে থাকার আশ্বাস দেন।
মানবিকতার আরেকটি উল্লেখযোগ্য দৃষ্টান্ত স্থাপন করেছেন প্রতিবন্ধিতার কারণে বাবা-মায়ের অবহেলার শিকার সাত বছর বয়সী এক অসহায় শিশুর পাশে দাঁড়িয়ে। প্রতিবন্ধিতার কারণে শিশুটির দায়িত্ব নিতে বাবা-মা অনীহা প্রকাশ করায় তার ভবিষ্যৎ অনিশ্চয়তার মুখে পড়ে। এমন পরিস্থিতিতে শিশুটির অসহায়ত্বের কথা জানতে পেরে এগিয়ে আসেন জেলা প্রশাসক ইসরাত জাহান কেয়া। শিশুটির চিকিৎসা, নিরাপত্তা, শিক্ষা ও সুন্দর ভবিষ্যৎ নিশ্চিত করার বিষয়ে তিনি উদ্যোগ নেন।
জনবান্ধব প্রশাসনের অন্যতম বৈশিষ্ট্য হলো সাধারণ মানুষের জন্য প্রশাসনের দরজা উন্মুক্ত রাখা। মন্ত্রিপরিষদ বিভাগের নির্দেশনা অনুযায়ী প্রতি বুধবার দিনব্যাপী গণশুনানিতে অংশ নিচ্ছেন জেলা প্রশাসক ইসরাত জাহান কেয়া।
এতে জেলার বিভিন্ন প্রান্ত থেকে আসা মানুষ ভূমি-সংক্রান্ত জটিলতা, সামাজিক সমস্যা, আর্থিক অসচ্ছলতা, নাগরিক সেবা এবং বিভিন্ন দপ্তরের বিরুদ্ধে অভিযোগ তুলে ধরার সুযোগ পাচ্ছেন। জেলা প্রশাসক তাঁদের কথা শুনছেন এবং অভিযোগের ধরন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দিচ্ছেন। সম্ভব হলে তাৎক্ষণিক সমাধানের উদ্যোগও নেওয়া হচ্ছে।
গণশুনানিতে উপকার পাওয়া নরসিংদী সদরের স্থানীয় বাসিন্দা আবদুর রহমান বলেন, “একটি জমির মিউটেশন সংক্রান্ত জটিলতায় দীর্ঘদিন ধরে বিভিন্ন সরকারি অফিসে ঘুরছিলাম। কোনো উপায় না পেয়ে ডিসি স্যারের বুধবারের গণশুনানিতে সরাসরি হাজির হই। তিনি আমার সমস্ত কাগজপত্র দেখে তাৎক্ষণিক সংশ্লিষ্ট কর্মকর্তাকে দ্রুত বিষয়টি সমাধানের নির্দেশ দেন। আমার মতো সাধারণ মানুষ জেলা প্রশাসকের কাছে সরাসরি গিয়ে কোনো হয়রানি ছাড়া এভাবে কথা বলতে পেরে খুবই উপকৃত হয়েছি।”
সাধারণ মানুষের কথা সরাসরি শোনা এবং তাঁদের সমস্যার গুরুত্ব অনুধাবন করা প্রশাসনের প্রতি আস্থা তৈরির একটি গুরুত্বপূর্ণ মাধ্যম। গণশুনানি কার্যক্রম আরও কার্যকর করা গেলে প্রশাসন ও জনগণের মধ্যকার দূরত্ব কমার পাশাপাশি সরকারি দপ্তরগুলোর জবাবদিহিও বাড়বে।
একটি জেলার সামগ্রিক উন্নয়ন নিশ্চিত করতে শুধু মানবিক উদ্যোগ যথেষ্ট নয়; প্রয়োজন প্রশাসনিক দক্ষতা, নিয়মিত তদারকি এবং বিভিন্ন সরকারি দপ্তরের মধ্যে কার্যকর সমন্বয়।
নরসিংদীর রাস্তাঘাট, যোগাযোগব্যবস্থা, অবকাঠামোগত উন্নয়ন, নাগরিক সেবা এবং বিভিন্ন উন্নয়ন প্রকল্পের কার্যক্রমে জেলা প্রশাসনের সমন্বয় ও তদারকি গুরুত্বপূর্ণ। একই সঙ্গে সরকারি দপ্তরে অনিয়ম, দুর্নীতি, দায়িত্বে অবহেলা কিংবা সাধারণ মানুষকে হয়রানির অভিযোগ উঠলে সেগুলো গুরুত্বসহকারে দেখা এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের প্রত্যাশা রয়েছে।
জেলার বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডে সংশ্লিষ্ট দপ্তরগুলোর মধ্যে সমন্বয়, চলমান প্রকল্পের অগ্রগতি পর্যবেক্ষণ, সড়ক ও জনসাধারণের চলাচলের সমস্যা সমাধানে উদ্যোগ এবং নাগরিক ভোগান্তি কমাতে প্রশাসনিক ভূমিকা অত্যন্ত জরুরি।
জেলা প্রশাসক ইসরাত জাহান কেয়ার নেতৃত্বে এসব ক্ষেত্রে ধারাবাহিক তদারকি ও কার্যকর সমন্বয় আরও জোরদার হলে নরসিংদীর উন্নয়ন কর্মকাণ্ডে ইতিবাচক পরিবর্তন আসতে পারে। পাশাপাশি অনিয়ম ও দুর্নীতির অভিযোগ নিরপেক্ষভাবে যাচাই করে জবাবদিহি নিশ্চিতে তিনি কাজ করে যাচ্ছেন।
শিল্প, কৃষি, ব্যবসা-বাণিজ্য, শিক্ষা ও সংস্কৃতিসহ যানজট, অপরিকল্পিত নগরায়ণ, পরিবেশদূষণ, নদী দখল ও দূষণ, মাদক, কিশোর গ্যাং, বেকারত্ব এবং নাগরিক সেবার নানা সীমাবদ্ধতা জেলার সামগ্রিক বিয়ে কাজ করে যাচ্ছেন এই নারী।
নিজের প্রশাসনিক দর্শন ও কর্মপরিকল্পনা সম্পর্কে জেলা প্রশাসক ইসরাত জাহান কেয়া বলেন, “সরকারি সেবা সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়া এবং তাঁদের সমস্যাগুলোর দ্রুত সমাধান করাই আমাদের মূল লক্ষ্য। জেলা প্রশাসন সবসময় অসহায়, নিপীড়িত ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়িয়েছে এবং ভবিষ্যতেও দাঁড়াবে। নরসিংদীকে একটি আধুনিক, পরিচ্ছন্ন, সুশাসিত ও নদীদখল-মাদকমুক্ত উন্নত জেলা হিসেবে গড়ে তুলতে আমরা নিরলসভাবে কাজ করছি। এ ক্ষেত্রে সাধারণ মানুষের সহযোগিতা ও সর্বস্তরের সরকারি দপ্তরগুলোর সম্মিলিত উদ্যোগের কোনো বিকল্প নেই।”
চলতি বছরের ৭ এপ্রিল নরসিংদীর ২২তম জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব গ্রহণ করেন ইসরাত জাহান কেয়া। তিনি এ জেলার দ্বিতীয় নারী জেলা প্রশাসক। এর আগে তিনি শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপসচিব হিসেবে দায়িত্ব পালন করেন। ২৮তম বিসিএস প্রশাসন ক্যাডারের এই কর্মকর্তা জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি সাহিত্যে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। তাঁর জন্ম ঢাকা জেলার কেরানীগঞ্জ উপজেলার শুভাঢ্যা গ্রামের এক সম্ভ্রান্ত পরিবারে। তাঁর পিতা মো. মাহাবুব আলী।
ইসরাত জাহান কেয়ার মানবিক কর্মকাণ্ডের সবচেয়ে ইতিবাচক দিক হলো, অসহায় মানুষের সমস্যাকে শুধু প্রশাসনিক ফাইলের বিষয় হিসেবে না দেখে বাস্তব জীবনের সংকট হিসেবে বিবেচনা করার উদ্যোগ। একজন রোগাক্রান্ত মানুষের চিকিৎসা, একজন বিধবা নারীর বেঁচে থাকার সংগ্রাম, একজন দরিদ্র শিক্ষার্থীর বিদ্যালয়ে যাওয়ার স্বপ্ন কিংবা একজন প্রতিবন্ধী শিশুর নিরাপদ ভবিষ্যৎ—প্রতিটি বিষয়ই সমাজ ও রাষ্ট্রের দায়িত্বের সঙ্গে জড়িত।
নরসিংদীবাসীর প্রত্যাশা, মানবিকতার এই ধারাবাহিকতা অব্যাহত থাকবে। একই সঙ্গে জেলার রাস্তাঘাট, শিক্ষা, স্বাস্থ্য, পরিবেশ, নাগরিক সেবা ও প্রশাসনিক স্বচ্ছতায় আরও দৃশ্যমান অগ্রগতি আসবে। সরকারি দপ্তরে অনিয়ম-দুর্নীতির বিরুদ্ধে কার্যকর অবস্থান এবং সাধারণ মানুষের অভিযোগের দ্রুত নিষ্পত্তি নিশ্চিত হবে।
ইসরাত জাহান কেয়া ঢাকা জেলার কেরানীগঞ্জ উপজেলার শুভাঢ্যা গ্রামের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তার বাবার নাম মো. মাহাবুব আলী। পারিবারিক ঐতিহ্যগত কারণেই ইসরাত জাহান কেয়া জাতীয়তাবাদী আদর্শিক চেতনায় বড় হয়েছেন। ছোটবেলা থেকেই তিনি ছিলেন আত্মপ্রত্যয়ী ও স্বপ্নচারী নারী।
তিনি জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি সাহিত্যে অনার্স মাস্টার ডিগ্রি লাভ করেন। ইসরাত জাহান কেয়া ২৮তম ব্যাচে বাংলাদেশ সিভিল সার্ভিসের প্রশাসন ক্যাডারে যোগদান করেন। জেলা প্রশাসক নরসিংদী হিসেবে পদায়ন হওয়ার আগে তিনি শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপসচিব হিসেবে গুরুত্বপূর্ণ শাখায় কর্মরত ছিলেন।
নরসিংদী প্রতিনিধি 










